শাবল হাতে রক্তক্ষয়ী তাণ্ডব! প্রাণ গেল প্রৌঢ়ের, জখম ১০
বার্তা ডেস্কঃ
বীরভূম: শান্ত গ্রামে নিমেষের মধ্যে নেমে এল ভয়াবহ আতঙ্ক। আচমকাই ধারালো অস্ত্র, ভারী লাঠি ও শাবল নিয়ে গোটা গ্রামে রক্তক্ষয়ী তাণ্ডব চালাল এক মানসিক ভারসাম্যহীন যুবক। এই বেপরোয়া হামলায় প্রাণ হারিয়েছেন এক প্রৌঢ় এবং শিশুসহ অন্তত ১০ জন গ্রামবাসী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানা এলাকার কবিলাসপুর গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম কানাই কুনুই। সে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ। তবে সোমবার আচমকাই সে উগ্র রূপ ধারণ করে। ঘর থেকে কুঠার, শাবল ও ভারী লাঠি উঁচিয়ে পাড়ায় বেরিয়ে পড়ে কানাই। কেউ কিছু বুঝে ওঠার আগেই সামনে যাকে পায়, তার ওপরই অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে শুরু করে।
কানাইয়ের ধারালো অস্ত্রের প্রথম কোপের শিকার হন স্থানীয় বাসিন্দা শেখ ইব্রাহিম। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। শেখ ইব্রাহিমকে কোপানোর পর আরও বেপরোয়া হয়ে ওঠে কানাই। গ্রামের অলিগলিতে ছুটে যাকেই তাকে শান্ত করতে দেখেছে, তার ওপরেই চড়াও হয়েছে সে। এই হামলায় একাধিক শিশুসহ প্রায় ১০ জন গ্রামবাসী রক্তাক্ত হন।
ঘটনার পরপরই পুরো গ্রামে হুলুস্থুল পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বীরভূম সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
অন্যদিকে, এই রক্তক্ষয়ী তাণ্ডব চালিয়েই সুযোগ বুঝে পাশের ঝাড়খণ্ডের জঙ্গলে চম্পট দেয় অভিযুক্ত কানাই। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জঙ্গল ঘেরাও করে কানাইয়ের খোঁজে ব্যাপক চিরুনি তল্লাশি শুরু করেছে।