ত্রিপুরার রাজনীতিতে বড় চমক, ভোটগণনায় কার দখলে গেল ভিলেজ কমিটি?
বার্তা ডেস্কঃ
ত্রিপুরায় ভিলেজ কমিটির নির্বাচনে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেবর্মনের দল তিপ্রা মথা। এনডিএ জোটে তাদের সঙ্গী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রয়েছে দ্বিতীয় স্থানে, আর এই লড়াইয়ে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেছে বিরোধী সিপিএম ও কংগ্রেস। গত ২৮ সেপ্টেম্বর রাজ্যের ৫৮৭টি গ্রাম কমিটির মোট ৪,৫৯৭টি আসনের মধ্যে ২,৯৫০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ৮১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, নির্বাচনের আগেই ১,৬৪৪টি আসনে তিপ্রা মথা ও বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। ভোটগণনার শুরু থেকেই তিপ্রা মথার প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের প্রভাব প্রমাণ করেন এবং ঐতিহাসিক এই জয়ের পর বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।
তবে সাফল্যের আনন্দের পাশাপাশি নির্বাচন-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে বেশ কিছু এলাকা। ভোটগণনা চলাকালীন উদ্ভূত অশান্তির জেরে বিএসএফের গুলিতে এক তিপ্রা মথা সমর্থকের মর্মান্তিক মৃত্যু হয় এবং ওয়্যারেংবাড়িতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হন তিপ্রা মথার এক প্রার্থী। হিংসার এই ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখতে গোমতী জেলার বিভিন্ন অংশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। বর্তমানে সমগ্র অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।