কাম্যাখ্যা দর্শনে আর ট্রেনের জ্যাম নয়! মেগা প্রজেক্টে বদলে যাচ্ছে উত্তর-পূর্ব রেল
বার্তা ডেস্কঃ
উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান প্রবেশদ্বার এবং পুণ্যভূমি কামাখ্যা দর্শনে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীদের যাতায়াত আরও মসৃণ করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) গুয়াহাটি ও কামাখ্যা সংলগ্ন এলাকায় যাত্রী সুবিধা বাড়ানো ও ট্রেনের যানজট কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে।
বর্তমানে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে প্রতিদিন গড়ে ৫০ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। উৎসব বা ব্যস্ততার সময় এই সংখ্যা দাঁড়িয়ে যায় প্রায় ৬৫ হাজারে। পাশাপাশি প্রতিদিন ২০০টিরও বেশি ট্রেন এই রুটে চলাচল করায় ট্রেনের জট সামলাতে রেল প্রশাসনকে বেগ পেতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধানেই একাধিক বড় উদ্যোগ নেওয়া হয়েছে:
- কামাখ্যা-গুয়াহাটি ৩য় লাইন প্রজেক্ট: এই প্রকল্পের অধীনে ৪৬৭ কোটি টাকা ব্যয়ে ৫.৭৪ কিলোমিটার দীর্ঘ অতিরিক্ত রেলপথ তৈরি করা হচ্ছে। এর ফলে এই রুটে ট্রেনের গতি যেমন বাড়বে, তেমনই কমবে যানজট।
- দ্বিতীয় সরাইঘাট ব্রিজ ও ডাবল লাইন: আগিয়াঠুরি থেকে কামাখ্যা পর্যন্ত ৭.২০ কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১,৪৭৪ কোটি টাকা। এই প্রকল্পের মূল আকর্ষণ ১.৩ কিলোমিটার দীর্ঘ ‘দ্বিতীয় সরাইঘাট রেল-কাম-রোড ব্রিজ’। এই ব্রিজে থাকবে ডাবল-লাইন রেল ট্র্যাক এবং ৩-লেনের সড়কপথ।
- নিউ গুয়াহাটিতে মেগা কোচিং কমপ্লেক্স: ট্রেন টার্মিনাল ও রক্ষণাবেক্ষণের কাজে গতি আনতে ২২৭ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে আধুনিক কোচিং কমপ্লেক্স। এতে থাকবে ৩টি পিট লাইন, ৪টি স্টেবলিং লাইন এবং ২টি ‘অটোমেটিক কোচ-ওয়াশিং প্ল্যান্ট’।
এর পাশাপাশি যাত্রীদের উন্নত স্বাচ্ছন্দ্য ও বিশ্বমানের সুবিধা দিতে গুয়াহাটি ও কামাখ্যা স্টেশন দুটির বিশ্বমানের পুনর্নির্মাণ ও আধুনিকীকরণের কাজও জোরকদমে এগিয়ে চলেছে। রেলের এই মেগা উদ্যোগ সম্পন্ন হলে উত্তর-পূর্ব ভারতে যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে যাবে।