নর্থইস্টকে ধসিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে লাল-হলুদ, খেতাবী যুদ্ধে আবারও ডার্বির মহাধামাকা!
বার্তা ডেস্কঃ
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের দ্বিতীয় মিনিটে আলি আজারাইয়ের গোলে নর্থইস্ট পিছিয়ে দিলেও দুর্দান্ত প্রত্যাঘাত করে ইস্টবেঙ্গল। ১১ মিনিটে ক্রিস ইকোনোমিডিসের পাস থেকে হেডে সমতা ফেরান ডেভিড লালহ্লানসাঙ্গা। এরপর ২৩ মিনিটে ড্যানি রামিরেজের সহায়তায় রোহিত কুমার এবং ৪৩ মিনিটে ইকোনোমিডিস গোল করলে প্রথমার্ধে লাল-হলুদ ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয় অর্ধের শুরুতেই ডেভিড নিজের দ্বিতীয় গোল করেন এবং ৫৬ মিনিটে দুর্দান্ত চিপে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ব্যবধান ৫-১ তোলেন।
৮৩ মিনিটে আজারাই নর্থইস্টের হয়ে দ্বিতীয় গোল করলেও ৮৫ মিনিটে অভিষেকেই ভলিতে লাল-হলুদের হয়ে ষষ্ঠ গোল নিশ্চিত করেন আকে লোবা। ৯১ মিনিটে অপর ডেবিউটান্ট লুকাস জভোলিনস্কি সপ্তম গোলটি করলে ৭-২ ব্যবধানের বিশাল জয় নিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে প্রবেশ করে ইস্টবেঙ্গল। রেকর্ড ২৯ বারের শিল্ড জয়ী লাল-হলুদের সামনে এবার ফাইনালে ২১ বারের বিজয়ী চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান, যা চলতি মরশুমের চতুর্থ কলকাতা ডার্বির রোমাঞ্চকর মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত করে তুলেছে।