২৩ জেলায় মশাল মিছিল, মোদীর ‘দেশসেবা’ উদযাপনে পথে বিজেপি!

বার্তা ডেস্কঃ

গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী— টানা ২৫ বছর ধরে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থেকে ‘দেশসেবা’ করে যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই দীর্ঘ প্রশাসনিক পথচলাকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিশেষ প্রচার চালাচ্ছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে আগামী ৭ অক্টোবর দেশব্যাপী পালিত হতে চলেছে ‘সেবা জ্যোতি যাত্রা’।

সোমবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও জাঁকজমকভাবে এই ‘সেবা জ্যোতি যাত্রা’ পালিত হবে।

বাংলায় বিজেপির বিশেষ প্রস্তুতি:

  • ২৩ জেলায় জায়ান্ট স্ক্রিন: রাজ্যের ২৩টি প্রশাসনিক জেলাতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। জেলা সদরের খোলা ময়দান কিংবা ইনডোর স্টেডিয়ামে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন।
  • লাইভ সম্প্রচার: অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেই ভাষণ সরাসরি দেখানো হবে।
  • মশাল নিয়ে পদযাত্রা: প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরপরই মশাল হাতে রাজপথে মিছিল করবেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করার আহ্বান জানিয়েছেন।

তুঙ্গে রাজনৈতিক তর্কাযুদ্ধ: অন্য দিকে, বিজেপির এই মেগা কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বিরোধীদের দাবি, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’র একাংশ প্রধানমন্ত্রীর নানা নীতি নিয়ে সরব হচ্ছে। সেই ক্ষোভ ঢাকতে এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নতুন করে উজ্জ্বল করতেই এই ধরনের ‘ইমেজ বিল্ডিং’ কর্মসূচির পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *