‘পারলে গ্রেফতার করুন!’ পুলিশকে খোলা চ্যালেঞ্জ বিধায়ক হুমায়ুন কবীরের!
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। নির্ধারিত সময়ের আগেই সপরিবারে নিজ বুথ কেন্দ্রে ভোটদান সম্পন্ন করেন নওদার বিধায়ক তথা আজুপ নেতা হুমায়ুন কবীর। তবে ভোট কেন্দ্র থেকে বাইরে আসতেই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বিগত দুই মাস ধরে পুলিশি জুলুম ও ৬৪ জনকে গ্রেফতারের অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশের এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পাশাপাশি, বুথগুলোতে এজেন্ট প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও গুরুতর অভিযোগ করেন তিনি।
এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে হুমায়ুনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। ভোট লুঠের চেষ্টা হলে তিনি হুঁশিয়ারি দেন যে, প্রয়োজনে সাধারণ মানুষ মুগুর হাতে নিয়ে প্রতিরোধ গড়বে। পুলিশ তাঁকে গ্রেফতার করতে চাইলে করতে পারে, কিন্তু তিনি ময়দান ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন। খোদ আইনরক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য ঘিরে গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।