ভোটের দিনই টেনে-হিঁচড়ে গাড়িতে তোলা হলো বিধায়ককে, হুমায়ুন কবীরের গ্রেপ্তারের আসল কারণ কী?
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের সকালে চরম উত্তেজনা ছড়াল আজুপ প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরের আটক ও গ্রেপ্তারিকে কেন্দ্র করে। মঙ্গলবার সকাল থেকেই পুলিশের নজরদারির বিরুদ্ধে তোপ দেগে রাস্তায় লাঠি-সোটা নিয়ে নামার হুঁশিয়ারি দেন তিনি। ভোটদান শেষে রেজিনগর পার্টি অফিসে পৌঁছালে সেখানে পুলিশ হাজির হয় এবং পুলিশের সাথে চরম ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এর পরেই পুলিশ তাঁকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে রেজিনগর থানায় নিয়ে যায় এবং থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে পুলিশের তরফ থেকে জানানো হয়, পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং নির্বাচনী আইন লঙ্ঘন করার অপরাধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, হুমায়ুন কবীর উক্ত কেন্দ্রের প্রার্থী বা নির্বাচনী এজেন্ট না হওয়া সত্ত্বেও এলাকা চষে বেড়াচ্ছিলেন, যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ তাঁকে প্রথমে আটক এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে।