দিল্লিতে নারী নির্যাতন রুখতে কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের, অপরাধীদের মনে এখন ত্রাসের রাজত্ব!
বার্তা ডেস্কঃ
দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকায় নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান যৌন অপরাধ রোধে দিল্লি পুলিশকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, অপরাধীদের মনে কঠোর ভয়ের সঞ্চার করতে হবে, যাতে কেউ অপরাধ করার সাহস না পায়। দক্ষিণ দিল্লির একটি কলেজের কাছে ঘটে যাওয়া নৃশংস গণধর্ষণের ঘটনার তীব্র সমালোচনা করে আদালত প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে। বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে নিয়মিত নজরদারি বাড়ানো এবং দিল্লির অলিগলিতে গজিয়ে ওঠা হাজার হাজার অবৈধ মদের দোকান ও খাবারের ঠেক চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ অপরাধ দমনে একটি বিশেষ ওয়ার রুম তৈরি এবং যৌন অপরাধীদের ডেটাবেস ব্যবহার করে নজরদারি চালানোর পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করে পুলিশকে আরও সক্রিয় হওয়ার কথা বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে দিল্লির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।