নির্বাচন কমিশন বনাম রাহুল গান্ধী, জাতীয় রাজনীতিতে চূড়ান্ত উত্তেজনা!
বার্তা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা সাম্প্রতিক একটি এক্স পোস্টকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করে প্রকৃত সত্য প্রকাশ্যে এনেছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এবং ফর্ম ৬ নিয়ে রাহুলের তোলা অভিযোগের জবাবে কমিশন স্পষ্ট জানিয়েছে, ২০২৫ সালের ২৪ জুন বিহারে এসআইআর সংক্রান্ত নির্দেশটি কমিশন সর্বসম্মতভাবে অনুমোদন করেই জারি করেছিল। পরবর্তীতে ২০২৬ সালের ২৭ মে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বহাল রাখে। এছাড়া, সুপ্রিম কোর্টের নির্দেশে ফর্ম ৬-এর সঙ্গে যুক্ত ঘোষণাপত্রটি বহাল রাখার বিষয়টিও কমিশন তাদের প্রেস নোটে পুনরায় উল্লেখ করেছে।
মূল ঘটনার সূত্রপাত রাহুলের একটি পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি নির্বাচন কমিশনের প্রেস নোট তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা ও বেআইনিভাবে ফর্ম ৬ পরিবর্তনের অভিযোগ আনেন। রাহুল দাবি করেন, বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতেই নিজের পদমর্যাদার অপব্যবহার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জবাবদিহির আওতায় আনা হবে। তবে বিরোধী দলনেতার এই চরম আক্রমণাত্মক ও স্পর্শকাতর দাবির পরপরই পাল্টাতথ্য পেশ করে সমস্ত বিতর্ক খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।