সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গোপন ডিনার, হঠাৎ কেন বিজেপি নেতার সঙ্গে বৈঠক?
বার্তা ডেস্কঃ
বলিউডের ‘ভাইজান’ সালমান খানের মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সম্প্রতি এক বিশেষ নৈশভোজের আসর বসেছিল, যার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার কোষাধ্যক্ষ পিএম সাই প্রসাদ। সস্ত্রীক এই বিজেপি যুবনেতার সালমানের বাড়িতে উপস্থিত হওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। সালমানের সঙ্গে এই সাক্ষাতের পর ওই যুবনেতা অন্দরমহলের একটি বিশেষ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তে অনুরাগীদের নজর কেড়ে নেয়।
ভিডিয়োর ক্যাপশনে পিএম সাই প্রসাদ অভিনেতা সালমান খানের আন্তরিকতা ও সরলতার ভূয়সী প্রশংসা করে তাঁকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। এই বিশেষ নৈশভোজের মুহূর্ত সামনে আসার পর থেকেই সাধারণ মানুষ ও ভক্তদের মনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই বৈঠক কি নিছকই একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ, নাকি এর নেপথ্যে অন্য কোনো নতুন সমীকরণ লুকিয়ে রয়েছে—তা নিয়ে এখন রাজনৈতিক ও বিনোদন মহলে চলছে জোর জল্পনা।