ইউপিআই পেমেন্টে বড় স্বস্তি, মাত্র ৫ টাকায় এমডিআর চার্জের ঘোষণা!
বার্তা ডেস্কঃ
আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআই লেনদেনে কার্যকর হতে চলেছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, দুই হাজার টাকার বেশি লেনদেনে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে। তবে রেলওয়ে, টেলিকম, ইন্সুরেন্স ও জ্বালানির মতো উচ্চ লেনদেন এবং সীমিত লাভের ক্ষেত্রগুলিতে শতাংশের হিসেব বাদ দিয়ে একটি ফ্ল্যাট রেট বা সর্বাধিক পাঁচ টাকা এমডিআর ধার্য করা হয়েছে। এর ফলে বড় অঙ্কের পেমেন্টে ব্যবসায়ীদের খরচ অনেকটাই কমবে।
অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই নির্দিষ্ট সেক্টরগুলিতে লেনদেন সহজ করতে এবং ডিজিটাল পেমেন্টের প্রচার বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, দশ হাজার টাকার লেনদেনে শতাংশের হারে বেশি চার্জ পড়লেও ফ্ল্যাট রেটের কারণে মাত্র পাঁচ টাকা দিতে হবে। পাশাপাশি, এই এমডিআর চার্জ ব্যবসায়ীদের নিজেদেরই বহন করতে হবে। সরকার সাফ জানিয়েছে, এই বাড়তি খরচ কোনোভাবেই যেন গ্রাহকদের ওপর চাপানো না হয়, সে বিষয়ে ব্যাঙ্কগুলিকে সজাগ থাকতে হবে।