ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন, ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের!
বার্তা ডেস্কঃ
সল্টলেকের ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ৮ অক্টোবর দুপুর সাড়ে তিনটের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতেই হবে। দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা এই সরকারি আধিকারিকের বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও গভীর বিস্ময় প্রকাশ করেছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে একজন অভিযুক্ত ব্যক্তি কীভাবে প্রতি মাসে সরকারি বেতন পাচ্ছেন, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে হাই কোর্ট।
আদালতের পক্ষ থেকে সিআইডিকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত বিডিও এখনও ফেরার থাকলে তাঁর সমস্ত সম্পত্তি তালিকাভুক্ত করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে রাজারহাট-নিউটাউন এলাকায় গাড়ি নিয়ে দুর্ঘটনা ও অশান্তি সৃষ্টির অভিযোগে পুলিশ তাঁকে আটক করেছিল, তবে জামিন পাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। আগামী ১৪ ডিসেম্বর এই হাই-প্রোফাইল মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।