বীরভূমে বোমাবাজির তাণ্ডব, পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে থমথমে বুধিগ্রাম!

বার্তা ডেস্কঃ

বীরভূমের রামপুরহাট-২ ব্লকের বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা সৃষ্টি হয়। তারাপীঠ থানা এলাকার ২৪ আসনের এই পঞ্চায়েতে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর আজ নতুন প্রধান নির্বাচনের দিন ধার্য ছিল। তবে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও হঠাৎ করেই দফায় দফায় বোমাবাজি শুরু হয়। এই ঘটনায় কে বা কারা জড়িত তা স্পষ্ট না হলেও, আকস্মিক বোমাবাজির বিকট শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন এলাকার সাধারণ মানুষ ও বাসিন্দারা।

বোমাবাজির কারণে বিজেপির ৯ জন পঞ্চায়েত সদস্য কার্যালয়ে পৌঁছাতে পারেননি এবং আতঙ্কে মহিলা সদস্যরা ফিরে যেতে বাধ্য হন বলে অভিযোগ করা হয়েছে। ফলে বিরোধী সদস্যদের অনুপস্থিতিতেই তৃণমূলের সদস্যরা একতরফাভাবে বোর্ড গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন বলে দাবি বিজেপির। ঘটনার খবর পেয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং ১০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করে। প্রসঙ্গত, এর আগে গত ২৭ আগস্ট পর্যাপ্ত নিরাপত্তার অভাবে নির্বাচন স্থগিত করেছিল প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *