দুর্গাপুজোর অনুমতি পেতেও কোর্টে যেতে হয় কেন! গুজরাট থেকে তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু
বার্তা ডেস্কঃ
প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভাডনগরে আয়োজিত এক বিশেষ সভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস এবং বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পূর্বের তৃণমূল জমানায় দুর্গাপুজো সম্পন্ন করতে আদালতের দ্বারস্থ হতে হতো এবং রামনবমীর মিছিলেও মিলত না প্রয়োজনীয় অনুমতি। দীর্ঘ ৫০ বছরে বাম ও তৃণমূল সরকারের নীতি বাংলার সর্বনাশ করেছে বলে দাবি করে তিনি জানান, বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদির পথ অনুসরণ করেই রাজ্য এগিয়ে চলেছে।
ভাষণপ্রসঙ্গে অনুপ্রবেশ ইস্যুতেও শাসকদলকে একহাত নেন শুভেন্দু। তাঁর অভিযোগ, তৃণমূল জমানার প্রশ্রয়ে পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে প্রবেশ করেছে এবং তাদের একাংশ ছড়িয়ে পড়েছিল গুজরাটেও। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিতে অস্বীকার করেছিল তৎকালীন রাজ্য সরকার। তবে বর্তমান সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। মোদির জন্মভূমিতে দাঁড়িয়ে বাংলাকে বাঁচাতে ডবল ইঞ্জিন সরকারের ভূমিকার প্রশংসা করে আগামী লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনেই জয়ের অঙ্গীকার করেন শুভেন্দু।