ট্রাক্টর বা টিলার কিনে আয় করুন লাখ লাখ টাকা, সরকার দিচ্ছে বিশাল অনুদান!
বার্তা ডেস্কঃ
কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও সব কৃষকের পক্ষে দামি মেশিন কেনা সম্ভব হয় না। এই সমস্যা সমাধানে রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এর মাধ্যমে ‘কাস্টম হায়ারিং সেন্টার’ বা কৃষি যন্ত্র ভাড়ার কেন্দ্র গড়ে তোলার সুযোগ মিলছে। শুধুমাত্র কৃষকরাই নন, পুঁজি থাকলে যে কেউ এই কেন্দ্র খুলে ব্যবসা শুরু করতে পারবেন। এই প্রকল্পের আওতায় ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন হার্ভেস্টারের মতো প্রয়োজনীয় বহুমুখী কৃষি যন্ত্র কেনার ক্ষেত্রে রাজ্য সরকার বড়সড় আর্থিক সহায়তার কথা জানিয়েছে।
নতুন এই প্রকল্পে ন্যূনতম বিশ লক্ষ টাকার প্রকল্প মূল্যের ওপর সর্বোচ্চ চল্লিশ শতাংশ বা আট লক্ষ টাকা পর্যন্ত সরকারি অনুদান পাওয়া যাবে। তবে এর জন্য নির্দিষ্ট তালিকা থেকে কমপক্ষে চার ধরনের যন্ত্র কেনা বাধ্যতামূলক, কেবল একটি মাত্র মেশিন কিনে এই সুবিধা নেওয়া যাবে না। ‘কৃষকবন্ধু’ বা ‘পিএম কিষান’ প্রকল্পে নথিভুক্ত কৃষকরা ছাড়াও স্বীকৃত কৃষকগোষ্ঠী এবং সমবায় সমিতিগুলি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বাকি টাকা নিজস্ব বিনিয়োগ ও ব্যাঙ্ক ঋণের মাধ্যমে মেটাতে হবে।