নন্দীগ্রাম ও রেজিনগরে ধুন্ধুমার উপনির্বাচন, কেন পুনরায় ভোটের বিস্ফোরক দাবি কংগ্রেসের?
বার্তা ডেস্কঃ
রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনকে ঘিরে শুরু থেকেই তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার নির্বাচন চলাকালীনই বুথ দখল, পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া এবং সাধারণ ভোটারদের হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। কলকাতা ‘বিধান ভবন’-এ আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তোপ দাগেন যে, বহিরাগত লোক ও বাইক বাহিনী এনে বুথ দখল করা হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন—কৌনো পক্ষই একাধিক লিখিত অভিযোগ সত্ত্বেও কার্যকর পদক্ষেপ করেনি বলে তাঁর দাবি।
এই বিতর্কিত পরিস্থিতিতে উপনির্বাচনকে পুরোপুরি ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। রেজিনগর থানার সামনে প্রার্থী নিজে অবস্থান বিক্ষোভে বসেন এবং নন্দীগ্রামে ব্লক সভাপতিকে থানায় বসিয়ে রাখার অভিযোগ ওঠে। সাবেক প্রদেশ সভাপতি অধীর চৌধুরীও একই সুরে রাজ্য ও কেন্দ্রকে নিশানা করেছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটারদের প্রকৃত মতামত প্রতিফলিত হতে দেওয়া হয়নি। তাই নির্বাচন কমিশনের নিকট ২৪টিরও বেশি জবাবহীন অভিযোগ জমা দিয়ে অবিলম্বে নন্দীগ্রাম ও রেজিনগর—উভয় কেন্দ্রেরই উপনির্বাচন বাতিল করে নতুন করে ভোটগ্রহণের জোরালো দাবি জানিয়েছে কংগ্রেস।