নাগরিকত্ব নিয়ে মানুষের সঙ্গে খেলছেন! প্রশাসনকে হাইকোর্টের কড়া ভর্ৎসনা
বার্তা ডেস্কঃ
বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলায় বিচারাধীন আবেদন সত্ত্বেও আটক ব্যক্তিদের নাগরিকত্ব নির্ধারণের উদ্যোগ নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও বিলাসপুরের ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসারের (FRO) কার্যপদ্ধতির কড়া সমালোচনা করে মন্তব্য করেছেন, প্রশাসন একাধারে বিচার ও প্রশাসনিক সিদ্ধান্ত নিলে অ্যাপিলেট ট্রাইব্যুনালের গুরুত্ব থাকে না। মুর্শিদাবাদের চার বাসিন্দাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বিলাসপুরে আটকের ঘটনায় এই প্রশ্ন উঠেছে।
আবেদনকারীর দাবি অনুযায়ী, ধৃত নাসিরুদ্দিন শেখ, লাল্টু শেখ, শফিকুল ইসলাম ও সাবির শেখের নাম ২০০২ সালের SIR ভোটার তালিকায় ছিল এবং তাঁরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী গঠিত ট্রাইব্যুনালে তাঁদের আবেদন বিচারাধীন থাকা সত্ত্বেও FRO-র নাগরিকত্ব নির্ধারণের প্রক্রিয়াকে ‘পরস্পরবিরোধী’ বলে আখ্যা দিয়েছে আদালত। বিচারপতির কড়া বার্তা, “আপনারা মানুষের সঙ্গে খেলছেন।” এই মামলায় FRO-কে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট দফতরের কাছে আটকের বিশদ রিপোর্ট তলব করা হয়েছে। আগামী ৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।