ডেঙ্গিতে আক্রান্ত কাজী তৌকির, সত্যি কি বিগ বস ছাড়ছেন অরিজিৎ সিংয়ের প্রিয় রকস্টার?
বার্তা ডেস্কঃ
সালমান খান সঞ্চালিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ ২০-এর ঘরে প্রতিযোগিতায় নেমে শুরু থেকেই নজর কেড়েছেন গায়ক কাজী তৌকির। বন্ধু অরিজিৎ সিং যাঁর সমর্থনে মাঠে নেমেছিলেন, সেই তারকা প্রতিযোগীকে ঘিরেই সম্প্রতি চাঞ্চল্যকর জল্পনা শুরু হয়েছে। দিন কয়েক ধরে জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছেন কাজী। শোয়ের ভেতরেই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে তিনি নাকি জনপ্রিয় এই রিয়ালিটি শো থেকে বাদ পড়তে চলেছেন। এই খবর চাউর হতেই কাজীর অনুরাগীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়।
তবে সমস্ত জল্পনায় জল ঢেলে এবার মুখ খুলল কাজী তৌকিরের অফিশিয়াল টিম। এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে, কাজী এখনও ‘বিগ বস’-এর ঘরেই রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি মাঝে মাঝে বিশ্রাম নিলেও সমস্ত টাস্কে অংশ নিচ্ছেন এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন। টিমের তরফে নিশ্চিত করা হয়েছে যে, তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং তিনি শো ছাড়ছেন না।