ক্ষমতায় ২৫ বছর! ২০৪৭-এর লক্ষ্য নিয়ে নতুন সংকল্প মোদীর!
বার্তা ডেস্কঃ
সরকার প্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করার ঐতিহাসিক মাইলফলকে দাঁড়িয়ে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে দেশবাসীকে নতুন বার্তা দিয়ে তিনি স্লোগান তোলেন, ‘আমরা এটা করে দেখাব…We Will Do It’। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার স্মৃতিচারণ করে তিনি জানান, সাধারণ মানুষের অবিরাম আশীর্বাদ ও সমর্থনের কারণেই এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে। আজ সকালে দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে ১৪০ কোটি দেশবাসীর সমৃদ্ধি এবং আরও নিষ্ঠার সঙ্গে দেশসেবা করার শক্তির জন্য প্রার্থনাও করেন তিনি।
এই দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে নিজের একটি নিরন্তর শেখার অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের প্রতিটি সাফল্য ও ব্যর্থতা তাঁকে নতুন শিক্ষা দিয়েছে। জয় তাঁকে বিনয়ী করেছে এবং পরাজয় শিখিয়েছে ঘুরে দাঁড়াতে, যেখানে সমালোচকরা দিয়েছেন আত্মসমালোচনার সুযোগ। শৈশবের ভাদনগরের দিনগুলোর কথা স্মরণ করে মোদী জানান, স্কুলে তিনি সবসময় প্রথম সারিতে থাকতেন এবং প্রশ্ন করতে ভালোবাসতেন। ২৫ বছর ক্ষমতায় থাকার পরও তাঁর ভেতরের সেই শিক্ষার্থী আজও বেঁচে রয়েছে উল্লেখ করে মোদী বলেন, অতীতের অর্জনে সন্তুষ্ট না থেকে দেশের সেবায় আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই এখন তাঁর মূল সংকল্প।