প্ল্যাটফর্মে তুলকালাম কাণ্ড, বালতি-বোতল হাতে ঝাঁপিয়ে পড়লেন বিএসএফ জওয়ানরা!
বার্তা ডেস্কঃ
নিউ জলপাইগুড়ি থেকে দক্ষিণ ভারতগামী একটি বিশেষ ট্রেনে চরম দুর্ভোগের শিকার হলেন বিএসএফ জওয়ানরা। সোমবার সন্ধ্যায় যাত্রা শুরু করা ট্রেনটি মঙ্গলবার বিকেলে বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই জওয়ানদের ক্ষোভ ফেটে পড়ে। তাঁদের অভিযোগ, ট্রেন ছাড়ার পর থেকেই কামরার এসি বন্ধ ছিল, বাথরুমে কোনো জল ছিল না এবং বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দেওয়ারও উপায় ছিল না। দীর্ঘ সময় ধরে পরিষেবা না পেয়ে বাধ্য হয়ে জওয়ানরা বালতি, বোতল ও জগ হাতে স্টেশনে নেমে জল খুঁজতে শুরু করেন এবং পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন না ছাড়ার দাবি জানান।
প্রায় দুই ঘণ্টা ধরে টানাপোড়েন চলার পর রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, ঘন ঘন ট্রেন থামার কারণে ব্যাটারি চার্জ না হওয়ায় এসি সাময়িক বিকল হয়েছিল এবং অতিরিক্ত ব্যবহারের ফলে ট্রেনের জল শেষ হয়ে গিয়েছিল। রেলের পক্ষ থেকে খড়গপুর স্টেশনে জল ভরা ও এসি চালুর আশ্বাস পেয়ে ফের ট্রেনে ওঠেন জওয়ানরা। তবে বিএসএফের মতো বিশেষ নিরাপত্তা বাহিনীর ট্রেনে ন্যূনতম পরিষেবার এই চরম ঘাটতি রেলের যাত্রী পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।