৮ ঘণ্টার জেরার পর ফের তলব, সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল!
বার্তা ডেস্কঃ
কলকাতা: ভুয়ো দুর্গাপুজো পাস বিক্রি ও নজরুল মহোৎসবের খরচে বিপুল অনিয়মের অভিযোগে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার বেলা ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। গত ৩০ সেপ্টেম্বর টানা ৮ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর, এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে ইডি দফতরে তলব করা হলো। কেন্দ্রীয় গোয়েন্দাদের নির্দেশ মেনে নিজের গত ১০ বছরের যাবতীয় ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ও আর্থিক লেনদেনের নথি নিয়ে হাজিরা দেন তিনি।
ইন্দ্রনীল সেনের সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর ভুয়ো টিকিট ও পাস বিক্রির অভিযোগ রয়েছে। পাশাপাশি, তিনি তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী থাকাকালীন শিশির মঞ্চে নজরুল মহোৎসব পালনের বাজেট ঘিরেও দুর্নীতির প্রশ্ন উঠেছে। ২০২৫ সালে এই অনুষ্ঠান পালনে ব্যয় দেখানো হয়েছিল ৩৭ লাখ ৯২ হাজার ৫৩ টাকা, যেখানে চলতি বছরে একই অনুষ্ঠানে খরচ হয়েছে মাত্র ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। খরচে এই বিপুল পার্থক্যের পরেই বিষয়টি ইডি-র নজরে আসে।
এছাড়াও, নিজের পদের প্রভাব খাটিয়ে পরিবারের একাধিক সদস্যকে চাকরি পাইয়ে দেওয়ার একটি অভিযোগ সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতরে জমা পড়েছে। মামলার তদন্ত সূত্রে ইতিপূর্বে ইন্দ্রনীল সেনের কসবার বাসভবন এবং হুগলির বাগানবাড়িতেও তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা।