ভোটের আবহে বড় চমক! ফের বাড়ল রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ
বার্তা ডেস্কঃ
রাজ্য পুলিশপ্রধান তথা ডিজিপি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। চলতি মাসের শেষেই তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সবুজ সঙ্কেটে এই মেয়াদ আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই নির্বাচন কমিশন তৎকালীন ডিজিপি পীযূষ পাণ্ডেকে সরিয়ে ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্তকে রাজ্যের নতুন ডিজিপি পদে আসীন করেছিল। এর আগে ভোটপর্ব না-মেটায় তাঁর চাকরির মেয়াদ প্রথম দফায় ছ’মাস বাড়িয়েছিল অমিত শাহের মন্ত্রক। সম্প্রতি তাঁর পরে পরবর্তী পুলিশপ্রধান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হলেও এবং নবান্ন থেকে নাম পাঠানো হলেও, কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হল যে আপাতত আরও ছ’মাস এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকবেন সিদ্ধনাথই।