অনুমতি ছাড়া আকাশবাণী ভবনে প্রবেশ, রাহুল-প্রিয়ঙ্কাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল দিল্লি পুলিশ!
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি। কোনো রকম আগাম অনুমতি ছাড়া আকাশবাণী ভবন চত্বরে বেআইনিভাবে প্রবেশ ও সেখানে অবস্থান-বিক্ষোভ করার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ভাদ্রা সহ একাধিক বিরোধী নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ‘ভোটচুরি’ ও বেআইনি কার্যকলাপের প্রতিবাদে নির্বাচন সদন অভিযানের পথে বাধা পেয়ে সেখানেই দীর্ঘ সাড়ে আট ঘণ্টা টানা ধরণায় বসেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমর্থকেরা।
ঘটনাস্থল থেকে বারবার সরে যাওয়ার অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করেন রাহুল গান্ধী। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের আটক করে নিউ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয় এবং পরে মুক্তি দেওয়া হয়। অনুমতি ছাড়া চত্বরে ঢোকা ও জনসমাগম করার অপরাধে শেষপর্যন্ত এই আইনি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। তবে কোন নির্দিষ্ট ধারায় এই মামলা রুজু হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।