নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, আট ঘণ্টা ধরনার পর আটক রাহুলসহ ১০০ সাংসদ!
বার্তা ডেস্কঃ
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন অফিস অভিযানকে কেন্দ্র করে দিনভর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘এক কচুরি, দো সামোসা…’র মতো জেন-জি ধাঁচের স্লোগান তুলে বিরোধীদের এই আন্দোলনে এক অন্য মাত্রা যোগ হয়। আকাশবাণী ভবনের কাছে পুলিশ বিরোধী সাংসদদের আটকে দিলে সেখানেই সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস ও বিজেডিসহ একাধিক দলের সদস্যদের সঙ্গে প্রায় আট ঘণ্টা ধরনায় বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরবর্তীতে রাহুল গান্ধীনহ প্রায় ১০০ জন বিরোধী সাংসদকে পুলিশ আটক করে এবং ঘণ্টাদুয়েক পর ছেড়ে দেয়। অন্যদিকে, পূর্বনির্ধারিত নিয়ম মেনে সাক্ষাতের আবেদন না করার কারণেই বিরোধী প্রতিনিধি দলের সঙ্গে দেখা করা হয়নি বলে রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে।
এই ঘটনার পর জ্ঞানেশ কুমারকে সরাতে এবার পরবর্তী রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করেছে ‘ইন্ডিয়া’ জোট। জানা গেছে, বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব খুব শীঘ্রই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পাওয়ারদের মতো বিরোধী মুখেরা একত্রিত হয়ে পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন। এছাড়া, ভোটাধিকার রক্ষা ও কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো করতে আগামী ১ নভেম্বর দিল্লির ঐতিহ্যবাহী রামলীলা ময়দানে একটি মেগা সমাবেশের পরিকল্পনাও গ্রহণ করেছে বিরোধী জোট।