রং-তুলি আর আলপনা নিয়ে রণক্ষেত্র চন্দননগর, কর্মবিরতির ডাক আইনজীবীদের!
বার্তা ডেস্কঃ
প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে হুগলির চন্দননগর স্ট্র্যান্ড রোডে রাস্তা আটকে আলপনা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাধল। অফিস টাইমে পথ আটকে আলপনা দেওয়ায় বাধা দেওয়া এবং রং-তুলি ফেলে দেওয়ার অভিযোগ ওঠে আইনজীবীদের একাংশের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আইনজীবীরা। তাঁদের পালটা দাবি, আদালত যাওয়ার পথ আটকে এই আয়োজন করায় প্রতিবাদ জানানো হয়েছিল, যার জেরে তাঁদের উপর হামলা চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চন্দননগর মহকুমা আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেন আইনজীবীরা। ঘটনার প্রতিবাদে আগামী তিন দিন আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করার কথা জানানো হয়েছে। এদিকে, এই ঘটনায় আইনজীবীদের তীব্র সমালোচনা করে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ প্রশ্ন তোলেন, কীভাবে তাঁরা আইন নিজেদের হাতে তুলে নিলেন। শান্তির শহর চন্দননগরে অশান্তি সৃষ্টির নেপথ্যে রাজনৈতিক মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।