পুজোর মণ্ডপে দর্শনার্থীদের হয়রানি করলেই কড়া ব্যবস্থা, কড়া বার্তা পুলিশ কমিশনারের!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই শহরের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখতে ময়দানে নামল লালবাজার। মঙ্গলবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে শুরু করে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারসহ একাধিক বড় পুজোর মণ্ডপ পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর সঙ্গে ছিলেন লালবাজারের পদস্থ কর্তারা। পরিদর্শনের সময় মূলত দর্শনার্থীদের যাতায়াত, প্রবেশ ও প্রস্থান পথ, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেওয়া হয়। নতুন থিম বা আকর্ষণের কারণে হঠাৎ ভিড় বাড়লে তা সামলাতে উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের নির্দেশও দেওয়া হয়েছে।
বিশেষ করে সন্তোষ মিত্র স্কোয়ারে পরিদর্শনের সময় শিয়ালদহ থেকে আসা দর্শনার্থীদের দীর্ঘ পথ হাঁটিয়ে ঘুরপথে মণ্ডপে পৌঁছানোর প্রসঙ্গটি গুরুত্ব পায়। এই বিষয়ে কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, পুজো দেখতে আসা সাধারণ মানুষের কোনো রকম হয়রানি বরদাস্ত করা হবে না; পুলিশ নিয়েছে ‘জিরো হ্যারাসমেন্ট’-এর কঠোর নীতি। চলতি বছর কলকাতা পুলিশ কমিশনারের আওতাধীন এলাকায় তিনশোরও বেশি নতুন পুজো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে মহালয়ার মেগা অনুষ্ঠান ঘিরেও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হচ্ছে।