হাওড়ায় সম্পত্তি করের সুদ-জরিমানা মকুব! কীভাবে নেবেন এই বিশেষ সুবিধা?
বার্তা ডেস্কঃ
হাওড়া পুরসভার বাসিন্দাদের জন্য বড় স্বস্তির খবর। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে বকেয়া সম্পত্তি করের উপর সম্পূর্ণ সুদ ও জরিমানা মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে হাওড়া পুর এলাকার প্রায় ১ লক্ষ ৯০ হাজার সম্পত্তি করদাতা সরাসরি উপকৃত হবেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই শহরে প্রায় ৪৮০ কোটি টাকার সম্পত্তি কর বকেয়া রয়েছে। এই ‘ওয়েভার স্কিম’ বা ছাড় প্রকল্পের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা বকেয়া কর আদায় হতে পারে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্প কার্যকর থাকবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।
করদাতারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। যাঁরা অনলাইনে পারবেন না, তাঁরা সরাসরি হাওড়া পুরসভা অফিসে গিয়ে বকেয়া কর মিটিয়ে এই সুযোগ নিতে পারেন। করদাতাদের সহায়তার জন্য সেখানে হেল্প ডেস্কও খোলা হয়েছে। পুর আধিকারিকরা জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত বকেয়া করদাতারা শর্তসাপেক্ষে এই সুবিধা পাবেন। পাশাপাশি, আবাসিক সম্পত্তির ক্ষেত্রে মূল করের উপর অতিরিক্ত ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।