এল নিনো কি সত্যিই কোনো ঘূর্ণিঝড়? আবহাওয়ার এই অদ্ভুত রহস্য জেনে নিন!
বার্তা ডেস্কঃ
অত্যাধিক গরম, খরা কিংবা প্রবল বন্যা—বিশ্বজুড়ে আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনের মূল কারণ হিসেবে উঠে আসে ‘এল নিনো’। তবে এটি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নয়। সহজ ভাষায়, এল নিনো হলো প্রশান্ত মহাসাগরীয় নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃদ্ধি পাওয়া। এই প্রাকৃতিক পরিবর্তনের ফলে সমুদ্রের উপরিভাগের উষ্ণ জল পূর্ব থেকে পশ্চিম দিকে স্বাভাবিক প্রবাহ হারায় এবং মধ্য ও পূর্ব অংশের জল বেশি উষ্ণ হয়ে ওঠে। স্প্যানিশ শব্দ ‘এল নিনো’-র অর্থ ‘ছোট ছেলে’। দক্ষিণ আমেরিকার উপকূলের জেলেদের হাত ধরে ক্রিসমাসের কাছাকাছি এই উষ্ণ স্রোতের নামকরণ হয়েছিল।
এল নিনোর সবচেয়ে বড় প্রভাব দেখা যায় বিশ্বজোড়া আবহাওয়া ও বর্ষার মতিগতিতে। এর ফলে কোথাও প্রবল বন্যা বা অতিবৃষ্টি হতে পারে, আবার কোথাও দেখা দিতে পারে তীব্র খরা। ভারতের ক্ষেত্রেও মৌসুমি বৃষ্টির সঙ্গে এর গভীর সংযোগ রয়েছে, যা অনেক সময় কৃষিকাজ ও জল সরবরাহে প্রভাব ফেলে। তবে এটি একা কোনো নিয়ামক নয়; ভারত মহাসাগরের পরিস্থিতি সহ নানা জটিল উপাদান বর্ষার চরিত্র নির্ধারণ করে। লা নিনা ও এল নিনো মিলিয়ে তৈরি হয় বৃহত্তর ‘ইএনএসও’ সিস্টেম, যা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।