বিধায়কের হস্তক্ষেপে ঘরে এল অন্নপূর্ণার টাকা, মিষ্টি মুখে কী বললেন মহিলারা?

বার্তা ডেস্কঃ

প্রযুক্তিগত জটিলতায় দীর্ঘদিন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছিলেন না বেশ কয়েকজন মহিলা। বিষয়টি নজরে আসতেই তৎপর হন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়, যার পরেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয় ৩ হাজার টাকা। আর্থিক সহায়তা হাতে পেয়েই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন মহিলারা। কৃতজ্ঞতা জানাতে তাঁরা একটি অন্নপূর্ণার ভাঁড়ে মিষ্টি ভরে সোজাসুজি পৌঁছে যান বিধায়কের বাড়িতে এবং তাঁর হাতে মিষ্টি তুলে দেন। বহু জায়গায় এই যোজনার টাকা নিয়ে বিক্ষোভ চললেও, দুর্গাপুরের এই ঘটনাটি এক সম্পূর্ণ ব্যতিক্রমী ও ইতিবাচক ছবি সামনে এনেছে।

অভিযোগ বা অসুবিধার কথা জানানোর পর বিধায়কের নেওয়া দ্রুত পদক্ষেপে অত্যন্ত খুশি স্থানীয় উপভোক্তারা। টাকা পেয়ে তাঁরা স্থানীয় বিধায়কের পাশাপাশি মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে, বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, মূলত প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণেই বেশ কিছু জায়গায় উপভোক্তারা সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে প্রশাসনিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে সমস্ত যোগ্য মহিলারাই অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট সুফল পাবেন বলে তিনি সকলকে আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *