সুপ্রিম কোর্টের তোপ, প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি নোটিস!

বার্তা ডেস্কঃ

অন্য দুই নির্বাচন কমিশনারের অনুমোদন ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়ার মারাত্মক অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার, কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। অভিযোগ, ভোটার তালিকার SIR ও Form 6-এ একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত জ্ঞানেশ কুমার একাই নিয়েছেন। সোমবার শুনানিতে আইনজীবী বিকাশ সিং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জ্ঞানেশ কুমারকে সাময়িক বরখাস্ত ও পদ থেকে বিরত রাখার আর্জি জানান। তবে সর্বোচ্চ আদালত এখনই কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, খবরের কাগজের তথ্যের ওপর ভিত্তি করে কোনো ব্যবস্থা নেওয়া হবে না; সরকারি নথি ও বক্তব্য খতিয়ে দেখে সিদ্ধান্ত হবে।

এই মামলায় আগামী ২৭ অক্টোবর পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। তার আগেই কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট সব সরকারি রেকর্ড ও লিখিত বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আইন অমান্য করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, আদালত তা পরীক্ষা করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বাতিলও হতে পারে। তবে পদ থেকে CEC-কে সরালে কমিশনের কাজ অচল হয়ে পড়বে কি না—আদালতের এই প্রশ্নের উত্তরে মামলাকারীর পক্ষে জানানো হয় যে বাকি দুই কমিশনার দায়িত্ব সামলাতে সক্ষম। আপাতত নথিপত্র পেশ ও আদালতের পরবর্তী নির্দেশের ওপরই ঝুলছে এই মামলার গতিপথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *