ভোটের দিনেই তুলকালাম, পুনর্নির্বাচনের দাবিতে উত্তাল নন্দীগ্রাম ও রেজিনগর!

বার্তা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ভোট চলাকালীনই দুই কেন্দ্রে ব্যাপক গোলমাল, বিরোধী দলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া, কর্মীদের মারধর এবং ভোটারদের ভয় দেখানোর গুরুতর অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, পুলিশ ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে বাইরের থেকে লোক এনে বুথ দখল করা হয়েছে। নির্বাচন কমিশনকে একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে দল।

পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে অবিলম্বে এই উপনির্বাচন বাতিলের দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। রেজিনগর কেন্দ্রে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে কংগ্রেস প্রার্থীর থানায় অবস্থান বিক্ষোভ এবং নন্দীগ্রামে বুথ দখলের ঘটনাকে গণতন্ত্রের অবক্ষয় বলে উল্লেখ করেছেন রাজ্য নেতারা। কংগ্রেসের স্পষ্ট দাবি, যেভাবে অবাধ ভোট প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে, তাতে মানুষের সঠিক রায় প্রতিফলিত হতে পারে না। তাই অবিলম্বে সমস্ত ভোট বাতিল করে নন্দীগ্রাম ও রেজিনগরে পুনরায় নির্বাচন করানোর দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *