দিল্লি ক্যাপিটালসের হেড কোচ সৌরভ গাঙ্গুলি, আইপিএলে আসছে বড় চমক!
বার্তা ডেস্কঃ
আইপিএলের ২০২৭ মরশুমে এক সম্পূর্ণ নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের সাথে দীর্ঘদিনের সম্পর্কের পর, এবার তিনি ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচের গুরুদায়িত্ব সামলাবেন। ২০১৯ সাল থেকে পরামর্শদাতা এবং পরবর্তীতে জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করার পর, অবশেষে এই বড় পদোন্নতি পেলেন তিনি। বিগত মরশুমগুলোতে দলের টানা হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ হেমাং বাদানি, বোলিং কোচ মুনাফ প্যাটেল এবং টিম ডিরেক্টর ভেনুগোপাল রাওসহ পুরো কোচিং স্টাফকে ছেঁটে ফেলে এই বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।
নতুন দায়িত্ব পাওয়ার পর ক্রিকেট প্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে, কারণ সৌরভ এবার নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফদের নিয়ে দল গঠন করবেন। জোর গুঞ্জন রয়েছে, প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও যোগ দিতে পারেন তাঁর এই কোচিং দলে। এই নতুন চ্যালেঞ্জ নিয়ে অত্যন্ত আশাবাদী সৌরভ গাঙ্গুলি জানান, দিল্লি ক্যাপিটালস তাঁর হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি এবং তিনি একটি শক্তিশালী ও নির্ভীক দল তৈরি করতে মুখিয়ে আছেন। তাঁর এই আগমন দিল্লির ভাগ্যের চাকা ঘুরিয়ে শিরোপা জয়ের পথ খুলে দেবে বলেই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।