পুজোর আগেই সুখবর, গাড়ির বকেয়া কর মেটালে মিলবে ৪০ শতাংশ ছাড়!
বার্তা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যের গাড়ি মালিকদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল পরিবহণ দফতর। গাড়ির বকেয়া কর মেটাতে এবার এক বিশেষ ‘ওয়েভার স্কিম’ বা ছাড়ের প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এই স্কিমের আওতায় বকেয়া করের ওপর একলপ্তে ৪০ শতাংশ ছাড় মিলবে। অর্থাৎ, মোট বকেয়া টাকার মাত্র ৬০ শতাংশ জমা দিলেই করমুক্ত হতে পারবেন গাড়ি মালিকেরা।
মঙ্গলবার বেসরকারি বাস মালিক সংগঠন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, লাইসেন্স, পারমিট ও কর ফি বাবদ রাজ্যে বর্তমানে প্রায় ৩.৫ লক্ষ গাড়ির ক্ষেত্রে মোট ১৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে। বাস মালিকদের পক্ষ থেকে ছাড়ের আবেদন জানানো হয়েছিল। পরিবহণ দফতর থেকে ৪০ শতাংশ ওয়েভারের প্রস্তাব অর্থ দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হবে।
বকেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে গত মাস থেকেই বিশেষ ড্রাইভ শুরু করেছিল পরিবহণ দফতর। তবে এক মাসের বেশি সময় পার হলেও আদায় হয়েছে ১০০ কোটি টাকার কিছু বেশি। সিংহভাগ গাড়ি মালিকই ছাড়ের আশায় বকেয়া মেটাতে বিলম্ব করছিলেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে কর মেটাতে মালিকদের আগ্রহ অনেকটাই বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পরিবহণ সংগঠনগুলি। ‘সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান, এই সিদ্ধান্তের ফলে পরিবহণ মালিকদের আর্থিক টানাপোড়েন অনেকটাই কমবে। পাশাপাশি, ‘সিটি সাবারবান বাস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক টিটু সাহাও আশাপ্রকাশ করেছেন যে, সড়ক পরিবহণের অন্যান্য সমস্যাগুলিও দ্রুত মেটাবেন মন্ত্রী।
এদিনের বৈঠকে ই-চালান, ট্রাফিক জরিমানা ও টোটোর দৌরাত্ম্য নিয়েও আলোচনা হয়। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, পুলিশের তৎপরতায় টোটোর সমস্যা আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে বেসরকারি বাস চলাচলে এখনও যেটুকু বাধা রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।