উত্তর-পূর্ব দিল্লিতে বহুতল ভেঙে মর্মান্তিক মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে অনেকে!

বার্তা ডেস্কঃ

উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ধসে পড়ল একটি পাঁচ তলা আবাসন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ বিপর্যয়ে দুই শিশু এবং এক অন্তঃসত্ত্বা মহিলা সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত আট জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম গুলাফসা (২১), যিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকেরা। উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে ঠিক কত জন আটকে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ফলে রাতভর NDRF ও স্থানীয় উদ্ধারকারী দল আলো জ্বালিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ঘটনার পর থেকে সীমাপুরী এলাকায় যানবাহন চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। সীমাপুরী গোল চক্কর ও ডিএলএফ ভোপুরা সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল চরম ব্যাহত হয়েছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও ত্রাণসামগ্রীবাহী গাড়ি যাতে দ্রুত পৌঁছাতে পারে, তার জন্য সাধারণ মানুষকে আপাতত এই পথগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই দিল্লির চাণক্যপুরীতে একটি ছাত্রাবাস ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে বহুতলগুলির নিরাপত্তা পর্যবেক্ষণের কড়া নির্দেশ দেওয়া হলেও, তার রেশ কাটতে না কাটতেই সীমাপুরীর এই বিপর্যয় প্রশাসনের নজরদারি ও নিরাপত্তার গাফিলতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *