রাজনীতি ছাড়ার বিস্ফোরক ঘোষণা, ক্যামেরার সামনে অঝোরে কাঁদলেন হুমায়ুন কবীর!

বার্তা ডেস্কঃ

সবসময় নিজের তেড়ে যাওয়া মেজাজ আর আগ্রাসী মন্তব্যের জন্য পরিচিত হলেও রেজিনগরের উপনির্বাচন মিটতেই একদম ভিন্ন অবতারে ধরা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার সংবাদমাধ্যমের সামনে আক্ষেপ, হতাশা ও ক্ষোভ ধরে রাখতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে হুমায়ুন দাবি করেন, বর্তমানে পুলিশই ক্যাডারের ভূমিকা পালন করছে। এই ধরণের রাজনীতির প্রতি তীব্র বিতৃষ্ণা প্রকাশ করে তিনি রাজনীতি থেকে চিরতরে সরে দাঁড়ানোর এবং প্রয়োজনে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিত দেন। একই সঙ্গে রেজিনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এবার এই আসনে বিজেপি জয়ী হতে চলেছে।

উল্লেখ্য, মঙ্গলবার পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের সাথে মারাত্মক ধস্তাধস্তির পর গ্রেফতার করা হয়েছিল হুমায়ুনকে। সেখান থেকেই ক্ষোভের সূত্রপাত। অন্যদিকে, তাঁর এই কান্নাকে ‘কুমিরের কান্না’ বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। হুমায়ুনের রাজনৈতিক অবস্থান নিয়ে বর্তমানে সৃষ্টি হয়েছে তীব্র ধোঁয়াশা। একদিকে তিনি শুভেন্দু অধিকারী বিধানসভা কক্ষে থাকলে সেখানে না যাওয়ার কথা বলেছেন, আবার অন্যদিকে নওদার সাধারণ মানুষের অনুমতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। রেজিনগরে নিজের ছেলে গুলাম নবি আজাদকে প্রার্থী করলেও ভোটের পুরো সমীকরণ বদলে যাওয়ায় এখন চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরের রাজনৈতিক ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *