মহালয়ার মুখে দুর্যোগের ভ্রূকুটি, আজ কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা?

বার্তা ডেস্কঃ

কলকাতা: দেবীপক্ষের সূচনার ঠিক আগেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ প্রধানত মেঘলা থাকবে। সূর্য ওঠার সম্ভাবনা কম হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী শনিবার অর্থাৎ মহালয়ার দিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে মহানগরীর আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৯৭ শতাংশের কাছাকাছি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া ও সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উন্নতি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *