পুজোর আগেই সুখবর! পূর্ব রেলের বিশেষ উপহারে বাড়ছে নৈশ লোকাল ও এসি ট্রেন

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আবহেই রেলযাত্রীদের জন্য সুখবর শোনালো পূর্ব রেল। উৎসবের মরসুমে যাত্রীচাপ সামলাতে এবং দৈনন্দিন যাতায়াত আরও সহজ করতে একাধিক গুরুত্বপূর্ণ রুটে লোকাল ও এসি ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী ১২ অক্টোবর (সোমবার) থেকেই এই নতুন পরিষেবাগুলি চালু হতে চলেছে। শুধু পুজোর দিনগুলোর জন্যই নয়, সারা বছরের কথা ভেবেই পরিষেবা বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ট্রেনগুলি চালানো হবে এবং যাত্রীসংখ্যার ওপর ভিত্তি করে পরবর্তীতে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় বাড়তি ট্রেন: শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিঙ্গল লাইন সেকশনে বর্তমানে ২৪ ঘণ্টায় মাত্র একটি ট্রেন চলাচল করে। রুটে ট্রেনের অপ্রতুলতা নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের ক্ষোভ ছিল। সেই দাবির কথা মাথায় রেখে এই সেকশনে আরও একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। আপাতত আগামী দুই মাস পরীক্ষামূলকভাবে ট্রেনটি চালানো হবে। যাত্রীদের ভিড় ও সাড়া দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে রেল।

শিয়ালদহ-বজবজ শাখায় রাতের নতুন লোকাল: রাতের যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ-বজবজ শাখায় নতুন একটি নৈশ লোকাল ট্রেন চালু করা হয়েছে।

  • শিয়ালদহ থেকে প্রস্থান: রাত ১০টা ৫৫ মিনিট (বজবজ পৌঁছাবে রাত ১১টা ৪৩ মিনিটে)।
  • বজবজ থেকে প্রস্থান: রাত ১১টা ৫৪ মিনিট (শিয়ালদহ পৌঁছাবে মধ্যরাত ১২টা ৪৮ মিনিটে)।

শিয়ালদহ-বর্ধমান রুটেও নৈশ পরিষেবা: শিয়ালদহ-বর্ধমান রুটে রাতের ট্রেনের চাহিদা ছিল দীর্ঘদিনের। যাত্রী দাবির মুখে অবশেষে শিয়ালদহ থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে শিয়ালদহ—উভয় দিকেই রাতের বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল।

কৃষ্ণনগরগামী এসি লোকালের স্টপেজ পরিবর্তন: পাশাপাশি কৃষ্ণনগরগামী এসি লোকালের যাত্রীদের জন্যও বড় খবর রয়েছে। ট্রেনের রুটে সামান্য রদবদল এনে বদকুল্লা স্টেশনে নতুন করে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই রুটেও যাত্রীদের চাহিদা কেমন থাকে, তা কিছুদিন নজরদারিতে রাখবে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *