মোদীর ২৫ বছরের শাসনকাল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় শুরু ‘সেবা জ্যোতি যাত্রা’!
বার্তা ডেস্কঃ
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করে ২০২৬ সালে প্রশাসনিক সাফল্যের ২৫ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। এই রজত জয়ন্তী বর্ষ উদযাপনে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দেশজুড়ে আয়োজিত ‘সেবা জ্যোতি যাত্রা’ শুরু হয়েছে। বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় এবং রাজ্যের প্রায় সব মন্ত্রী ও শীর্ষ বিজেপি নেতারা এতে উপস্থিত ছিলেন। একযোগে রাজ্যের সব জেলাতে এই যাত্রা পালিত হচ্ছে।
অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে ‘প্রধান সেবক’ ও নিজের বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প গ্রহণ করে দেশের উন্নয়নে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান। এই উদযাপনের অংশ হিসেবে বিজেপি ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, বাইক ও সাইকেল র্যালি এবং প্রদর্শনীর মতো নানাবিধ জনসংযোগ কর্মসূচি আয়োজন করেছে। উল্লেখ্য, টানা ১২ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ থেকে টানা তিন দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন নরেন্দ্র মোদী।