পাহাড় কাটলেই আর রক্ষা নেই, পুরুলিয়ার সাংসদের চরম হুঁশিয়ারি!

বার্তা ডেস্কঃ

পুরুলিয়ার বেড়োর চণ্ডী পাহাড়সহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে চলমান বেশ কিছু প্রকল্প নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। জেলায় দীর্ঘদিন ধরে গ্রানাইট হাবের নামে পাহাড় কেটে পাথর তৈরির কাজ চললেও, সম্প্রতি তা বন্ধে কড়া বার্তা দিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিগত তৃণমূল সরকারের আমলে নেওয়া এমন পরিবেশবিরোধী ও খামখেয়ালি সমস্ত প্রকল্প বাতিল করা হবে। এর আগে রঘুনাথপুরের বিধায়ক কাজ বন্ধের নির্দেশ দিলেও লিজ পাওয়া সংস্থা তা মানেনি, যার ফলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাংসদ জানান, কোথাও পাহাড় বা গাছ কাটা হলে এবং তার ফুটেজ পাওয়া গেলে কাউকে রেয়াত করা হবে না। যদিও সংশ্লিষ্ট লিজগ্রাহক সংস্থার দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ বন্ধের কোনো লিখিত নির্দেশিকা না পাওয়ায় তারা কাজ চালু রেখেছে। অন্যদিকে, জঙ্গলমহল সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীও পাহাড় ও গাছ না কাটার প্রশাসনিক বার্তা দিয়েছিলেন। সাংসদের এই কঠোর অবস্থানের পর চণ্ডী পাহাড় রক্ষায় আন্দোলনরত স্থানীয় মানুষ নতুন আশার আলো দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *