পুজোর মুখে বিরাট স্বস্তি, চাকরি ফিরল হাজার হাজার আইসিটি কর্মীর!
বার্তা ডেস্কঃ
রাজপথে দীর্ঘ আন্দোলন ও প্রতিবাদের পরেই মিলল বড় স্বস্তি। উৎসবের ঠিক আগে আইসিটি স্কুল প্রকল্পের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। ৩০ সেপ্টেম্বর এই মেয়াদ শেষ হওয়ার পরই হাজার হাজার কর্মীর চাকরি নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বর্তমান ভেন্ডরের মাধ্যমেই কো-অর্ডিনেটরদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নতুন টেন্ডার চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই পদগুলি সম্পূর্ণ বহাল থাকবে।
উল্লেখ্য, চাকরি হারানোর আশঙ্কায় সম্প্রতি বিকাশ ভবন অভিযান ও রাতভর অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রায় তিন হাজার আইসিটি কর্মী। উত্তাল সেই পরিস্থিতির পর স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। সেই বৈঠকে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কর্মীদের সরাসরি সরকারের অধীনে নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শিক্ষা দফতরের এই নয়া নির্দেশিকায় সেই আশ্বাসেরই প্রতিফলন ঘটল, যা পুজোর মুখে আইসিটি কর্মীদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।