বিরাট খরচ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বাদ ৬ লাখের বেশি মহিলা!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের জনপ্রিয় ‘লাডলী বহনা যোজনা’ চালাতে গিয়ে বিপুল আর্থিক চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। সম্প্রতি ভোপালের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব স্বীকার করেছেন, মুখ্যমন্ত্রী পদে বসার পর এত বড় আর্থিক দায়ভার সামলাতে হবে তা তিনি আগে আঁচ করতে পারেননি। ২০২৩ সালে শিবরাজ সিংহ চৌহানের আমলে শুরু হওয়া এই প্রকল্পে শুরুতে প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া হলেও বর্তমানে ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫০০ টাকা। বর্তমানে প্রায় ১ কোটি ২৫ লক্ষ মহিলা এই সুবিধার আওতায় রয়েছেন, যার জন্য রাজ্যের কোষাগার থেকে বছরে বিপুল প্রায় ২২,৬৮০ কোটি টাকা খরচ হচ্ছে।
প্রতি মাসে বিপুল অঙ্কের এই খরচ সামলাতে গিয়ে এখন সরকারের কপাল চিন্তার ভাঁজ। এই বিশাল বাজেট সামাল দেওয়ার পাশাপাশি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের জুন মাসের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কারণে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার মহিলার নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তা-ই নয়, নতুন করে আবেদনকারীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও আপাতত বন্ধ রয়েছে। ফলে একদিকে বাজেটের চাপ আর অন্যদিকে সুবিধাভোগীর সংখ্যা ছাঁটাই—সব মিলিয়ে লাডলী বহনা যোজনার ভবিষ্যৎ পদক্ষেপ ঘিরে জল্পনা তুঙ্গে।