পুজোয় এবার রেকর্ড ভিড় সামলাতে সারারাত চলবে স্পেশ্যাল ট্রেন!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোয় যাত্রীদের স্বস্তি দিতে বড় ঘোষণা করল পূর্ব রেল। উৎসবের দিনগুলিতে ভিড় সামলাতে এবার শিয়ালদহ শাখায় রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালু থাকবে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, এই কদিনের মধ্যে শুধুমাত্র শিয়ালদহ শাখায় মোট ৫১টি স্পেশ্যাল ট্রেন চালানো হবে, যার মধ্যে ৩৮টি ট্রেন চলবে রাতে এবং ১৩টি ব্যস্ত সন্ধ্যায়। গত বছরের তুলনায় এবার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
শুধু লোকাল ট্রেনই নয়, দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্যও ১০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ৮০টি স্পেশ্যাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া লালগোলা শাখায় প্রাক পুজো স্পেশ্যাল এবং পুজোর দিনগুলিতে দুপুর দুটোর পর সমস্ত শহরতলির মেমু ট্রেন প্রতিটি স্টেশনে থামবে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে রানাঘাট, ব্যারাকপুর ও শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত বুকিং কাউন্টার এবং নজরদারিও জোরদার করা হয়েছে।