স্পোর্টস কোটায় সরকারি চাকরি! ৭৮ পদকজয়ীর তালিকা ও নির্দেশিকা প্রকাশ
বার্তা ডেস্কঃ
খেলার দুনিয়ায় সাফল্যের ঝোলা ভরিয়ে তোলার পর এবার রাজ্যের জাতীয় পর্যায়ের ৭৮ জন পদকজয়ী ক্রীড়াবিদের জন্য খুলে যাচ্ছে সরকারি চাকরির দুয়ার। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে স্পোর্টস কোটার এই বিশেষ নিয়োগ প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিতে তৎপর হয়ে উঠেছে নবান্ন।
রাজ্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনীত প্রার্থীদের নিয়োগের শেষ দুটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে নথি যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন (PVR) শুরু হচ্ছে।
কীভাবে এবং কোথায় জমা দেবেন প্রয়োজনীয় কাগজপত্র?
- অনলাইন ফর্ম: প্রার্থীকে রাজ্য সরকারের প্রশাসনিক ওয়েবসাইট (
www.par.wb.gov.in) থেকে ‘ভেরিফিকেশন রোল’ (PVR) ফর্মটি ডাউনলোড করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। - প্রয়োজনীয় নথি: পূরণ করা ফর্মের দুটি মূল সেট (Original sets) এবং পদক জয়ের প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত (self-attested) প্রতিলিপি একটি মুখবন্ধ খামে জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণির (SC, ST, OBC ও বিশেষভাবে সক্ষম) প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শংসাপত্রের দুটি স্ব-প্রত্যয়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক।
- জমা দেওয়ার স্থান: নবান্নের সাততলায় কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের ৭০৩ নম্বর ঘরে রাখা ড্রপ-বক্সে সরাসরি অথবা ডাকযোগে নথি পাঠানো যাবে।
- সময়সীমা: বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ১৫টি কর্মদিবসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। সরকারি কাজের দিনে সকাল ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে নথি গ্রহণ করা হবে।
- বর্তমান চাকরিজীবীদের নিয়ম: যাঁরা ইতিমধ্যেই অন্য কোনো সরকারি চাকরিতে রয়েছেন, তাঁদের বর্তমান নিয়োগকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানাতে হবে।
যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ
রাজ্য প্রশাসন জানিয়েছে, ক্রীড়াবিদদের অর্জিত পদক এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সেকশন অফিসার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (UDA), লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA) এবং গ্রুপ-ডি পদে নিয়োগ দেওয়া হবে। তবে বিশেষ ক্যাটাগরিতে নিয়োগ হলেও দপ্তরের অনুমোদিত পদকাঠামোয় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সুপারিশক্রমে গত ১৭ সেপ্টেম্বর এই বিষয়ে চূড়ান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।
প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথি সহ পিভিআর জমা দিতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে সংশ্লিষ্ট প্রার্থী সরকারি চাকরি গ্রহণে আগ্রহী নন। পুলিশ ভেরিফিকেশন ও নথি যাচাই সফলভাবে শেষ হলেই ক্রীড়াবিদদের হাতে উঠবে বহু প্রতীক্ষিত নিয়োগপত্র।