বর্ধমান কাঁপিয়ে সংঘ প্রধানের মহা বৈঠক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে কী বার্তা দিলেন মোহন ভাগবত!
বার্তা ডেস্কঃ
রাজ্যে সংগঠনের শক্তি বৃদ্ধি ও সাংগঠনিক পরিধি মজবুত করতে তিনদিনের রাজ্য সফরে বর্ধমানে এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার বর্ধমানের উল্লাস উপনগরীর মধ্যবঙ্গ প্রান্ত কার্যালয়ে শুরু হয়েছে তাঁর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক ও একত্রীকরণ কর্মসূচি। শতবর্ষ উদযাপনের এই লগ্নে রাজ্যের প্রায় ৫ হাজার শাখাকে ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা ছিল। সেই কাজের অগ্রগতি, শাখার বিস্তার এবং সামাজিক জনসংযোগ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখছেন সংঘ প্রধান। দেওয়ানদিঘির একটি বেসরকারি স্কুলের অডিটোরিয়ামে কার্যবাহীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ও শারীরিকচর্চায় অংশ নেন তিনি।
শুক্রবারও দিনভর তাঁর একাধিক রুদ্ধদ্বার বৈঠক ও কর্মসূচি রয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই উল্লাসের ওই সঙ্ঘ কার্যালয়ে এসে মোহন ভাগবতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গ—এই তিন প্রান্তের সাংগঠনিক নেতৃত্ব ও পদাধিকারীদের উপস্থিতিতে বৈঠকগুলিতে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা চলছে। ১৯২৫ সালের বিজয়া দশমীতে প্রতিষ্ঠিত সঙ্ঘের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে। আগামী শনিবার সঙ্ঘ প্রধানের কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে।