৯৩% নামই তো ফের যুক্ত হচ্ছে! এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণের জোরালো সওয়াল
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং ট্রাইব্যুনালে দীর্ঘদিন বকেয়া থাকা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির দাবিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে, আসন্ন উপনির্বাচন কিংবা পুরভোটে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতেই মূলত এই আবেদন জানানো হয়।
শীর্ষ আদালতে শুনানিকালে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ এবং আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন প্রধান বিচারপতির বেঞ্চে জানান, এর আগে পর পর দু’বার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে বহু ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। নাম বাদ দেওয়ার আবেদনগুলিকে সাময়িকভাবে পিছিয়ে রেখে, তালিকায় নাম পুনর্বহালের আর্জিগুলি দ্রুত মেটানোর দাবি জানান তাঁরা। বিশেষ করে যে সমস্ত এলাকায় সামনেই নির্বাচন রয়েছে, সেখানকার মামলাগুলির অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সওয়াল করা হয়।
সওয়াল চলাকালীন আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, ট্রাইব্যুনালে এ যাবৎ যতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে প্রায় ৯৩ শতাংশ ক্ষেত্রেই ভোটারদের নাম তালিকায় আবার যুক্ত করা হয়েছে। এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তিনি বকেয়া আবেদনকারীদের আসন্ন পুরভোটে ভোট দেওয়ার অনুমতি দেওয়ার আর্জি জানান।
আদালতের পক্ষ থেকে বিচারপতি জয়মাল্য বাগচি আশ্বাস দেন যে সব দিক বিচার-বিবেচনা করা হবে। আগামী ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই এসআইআর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। রাজ্য রাজনীতির বর্তমান পেক্ষাপটে এই মামলার রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।