পাথরসম্রাট টুলু কাণ্ডে নয়া মোড়, বিএলআরও-কে নিয়ে বাড়িতে হানা পুলিশের!

বার্তা ডেস্কঃ

সিউড়ির সমন্বয়পল্লিতে বালি ব্যবসায়ী প্রভাতকুমার মণ্ডল ও তাঁর স্ত্রী জলি হাজরা মণ্ডলের বাড়িতে হানা দিল জেলা পুলিশ। বিতর্কিত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল সংক্রান্ত মামলার তদন্তে উঠে আসা নতুন কয়েকটি সূত্রের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ দল প্রভাত ও জলি দম্পতির বাসভবনে ম্যারাথন তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা মহম্মদবাজারের প্রাক্তন বিএলআরও সব্যসাচী মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সময়ই এই দম্পতির নাম সামনে আসে। বালি ও পাথর ব্যবসার পাশাপাশি টুলু মণ্ডলের সাথে তাঁদের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হয়েছে।

তল্লাশি অভিযানে হেফাজতে থাকা প্রাক্তন বিএলআরও সব্যসাচীকেও ঘটনাস্থলে উপস্থিত রাখা হয়েছিল। তদন্তকারীদের নজরে থাকা একটি গুরুত্বপূর্ণ নথির খোঁজ পেতেই মূলত এই অভিযান পরিচালনা করা হয়, যা উদ্ধার হলে মামলার তদন্তে নতুন গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও তল্লাশি শেষে কোনো নথি উদ্ধার হয়েছে কি না বা অভিযানের মূল কারণ সম্পর্কে জেলা পুলিশের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা স্পষ্ট দাবি করেছেন যে প্রভাত মণ্ডলদের সাথে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এলাকায় বালি-পাথর সংক্রান্ত নানা অনিয়মের বিস্তারিত তথ্য এই তদন্তের মাধ্যমে সামনে উঠে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *