আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
বার্তা ডেস্কঃ
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, ২০১৭ সালের জানুয়ারি মাসের পর রাজ্যে আর কোনো পূর্ণাঙ্গ ছাত্রভোট হয়নি। এজন্য পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র নিশানা করে তিনি অভিযোগ করেন যে, তৎকালীন সরকার ছাত্র ভোট করায়নি। নতুন সরকারের ক্ষমতায় আসার পরই ছাত্র সংগঠনগুলির সেই দীর্ঘদিনের দাবি মেনে নেওয়া হলো এবং আগামী বছরের এই নির্বাচনে বন্দে মাতরম স্লোগানের আওয়াজ শোনা যাবে বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ও নকশাল ছাত্রছাত্রীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এদের রাস্তায় নেমে উৎখাত করতে হবে। এছাড়া সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির হামলা ও সেই সম্পর্কিত সামাজিক মাধ্যমের পোস্ট নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিকাশরঞ্জনবাবুর ওই পোস্টে গোটা হিন্দু জাতিকে অপমান করা হয়েছে বলে দাবি করে, এই ঘটনার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।