গ্রিন কার্ডে ট্রাম্পের কোপ! তাও কেন নিশ্চিন্ত টিসিএস?
বার্তা ডেস্কঃ
মার্কিন মুলুকে বিদেশি প্রযুক্তিবিদদের গ্রিন কার্ড পাওয়ার পথ কঠিন করে তুলে একাধিক সংস্থায় ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ বা পিইআরএম (PERM) কর্মসূচি স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই কড়া ফতোয়ার কোপ পড়েছে টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো শীর্ষসারির একাধিক ভারতীয় ও বিশ্বসেরা আইটি সংস্থার ওপর। স্বাভাবিকভাবেই এর জেরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অসংখ্য ভারতীয় পেশাদার ও পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এর তীব্র সওয়াল করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্পষ্ট জানান, বিদেশি সস্তা শ্রমের বদলে স্থানীয়দের সুযোগ নিশ্চিত করতেই সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
তবে এই পরিস্থিতিতেও চরম আত্মবিশ্বাসী ভারতীয় তথ্যপ্রযুক্তি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। সংস্থাটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে তাদের ব্যবসায়িক কৌশল, গ্রাহক পরিষেবা বা কর্মী নিয়োগে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ বিগত দুই বছরে তাদের পিইআরএম আবেদনের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য এবং বর্তমানে তারা আমেরিকার স্থানীয় মেধার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। মার্কিন সরকারের নির্দেশিকা পুরোপুরি মেনে চলার বার্তা দেওয়ার পাশাপাশি টিসিএস ঘোষণা করেছে, ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে সম্মান জানিয়ে স্থানীয় কর্মীবাহিনীকে জোরদার করতে আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে আরও ১৫ হাজার স্থানীয় কর্মী নিয়োগ করা হবে।