১০ অক্টোবর কি স্তব্ধ হবে রাজধানী? মেট্রো বন্ধের হুশিয়ারি!
বার্তা ডেস্কঃ
নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) প্রস্তাবিত আন্দোলনকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ ও জনজীবনে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। সময়ের মধ্যে আবেদন না করায় আন্দোলনকারীদের অনুমতি প্রত্যাখ্যান করেছে দিল্লি পুলিশ। যুগ্ম পুলিশ কমিশনার নূপুর প্রসাদ জানান, নিয়মানুসারে বিক্ষোভের অন্তত ১০ দিন আগে আবেদনের বাধ্যবাধকতা থাকলেও CJP তা মানেনি। সম্ভাব্য বড় জমায়েত, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে পুরো এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও সংবেদনশীল এলাকায় অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রুখতে আগাম কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। রাজীব চক, কেন্দ্রীয় সচিবালয়, আইটিও এবং নিউ দিল্লির মতো ব্যস্ততম ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার জন্য ডিএমআরসি-কে চিঠি দিয়েছেন ট্রান্সপোর্ট রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার রজনীশ গুপ্তা। ৯ অক্টোবর রাত থেকে শুরু করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল রাখার পাশাপাশি ট্রেনের সংখ্যা কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। ডিএমআরসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, এই প্রস্তাব কার্যকর হলে চরম ভোগান্তির মুখে পড়তে পারেন লাখ লাখ নিত্যযাত্রী।