বাড়ির সামনে বিক্ষোভ! জ্ঞানেশ কুমারের নিরাপত্তা দ্বিগুণ করল কেন্দ্র
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরাপত্তা আরও জোরদার করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই জেড প্লাস নিরাপত্তা পাওয়া জ্ঞানেশের দিল্লির বাসভবন ও আগ্রার বাড়ির সামনে সম্প্রতি তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা তাঁর বাসভবনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করায় নিরাপত্তা ঝুঁকি নতুন করে মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি নয়াদিল্লির নিউ মোতি বাগ এলাকার বাসভবনেও অতিরিক্ত পুলিশ ও নজরদারি বাড়ানো হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’-এর নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। আগে থেকেই সিআইএসএফ সুরক্ষাবলয়ে থাকা এই কার্যালয়ে অতিরিক্ত হিসেবে সিআরপিএফ, আরএএফ এবং দিল্লি পুলিশের জওয়ানদের মোতায়েন করা হয়েছে। কমিশনের প্রবেশপথ থেকে শুরু করে বাইরের পরিধিতে নজরদারি কঠোর করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতি এড়াতেই এই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যা তাঁর সার্বিক সুরক্ষাকে সুনিশ্চিত করবে।